পবিত্র কোরআন শিখেছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি 

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১১:৩২ এএম
পবিত্র কোরআন শিখেছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি 

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র হক বর্তমানে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সুপর্ণ এস ভার্মা জানান, সিনেমাটির প্রতিটি দৃশ্য বাস্তবসম্মত করে তুলতে তাদের পুরো টিমকে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম ও গবেষণা করতে হয়েছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। সত্তরের দশকের প্রেক্ষাপটে ‘সাজিয়া বানু’ নামের এক সংগ্রামী নারীর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তিনি ব্যাপক পড়াশোনা করেন এবং চরিত্রের গভীরে যেতে বিশেষ প্রস্তুতি নেন।

সুপর্ণ জানান, আমরা প্রায় দেড় বছর ধরে ইসলামী আইনকানুন বোঝার চেষ্টা করেছি। চরিত্রটিকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে ইয়ামি পবিত্র কোরআন সম্পর্কেও জ্ঞান অর্জন করেছেন।

‘হক’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাজিয়া নামের এক নারীকে কেন্দ্র করে। তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর ভরণপোষণ দিতে অস্বীকৃতি জানালে সাজিয়া আইনি লড়াইয়ে নামেন।

চলচ্চিত্রটিতে লিঙ্গ বৈষম্য, ন্যায়বিচার এবং ব্যক্তিগত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা হয়েছে। পরিচালকের মতে, বর্তমান সময়ে ভুল তথ্যের ভিড়ে ‘হক’ যুক্তিনির্ভর বার্তা দিতে চেয়েছে, তাই গবেষণায় কোনো ঘাটতি রাখা হয়নি।

২০২৫ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় আসে। পরবর্তীতে ২০২৬ সালের ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলে এটি আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে যায়।

বর্তমানে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারছেন।

এম জি