সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুন্দরীর দিদি’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু ঘিরে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। পশুপ্রেমী এই তরুণীর ঝুলন্ত মরদেহ বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।
সায়নীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীদের মধ্যে গভীর শোক নেমে আসে। অনেকেই ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না, কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি তার পোষ্য গরু ‘সুন্দরী’কে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সম্পর্কে জটিলতা ও টানাপোড়েন তৈরি হওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন এবং এর সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।
অন্যদিকে, সায়নীর পরিবার মনে করছে না যে মানসিক অবসাদের কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এখনো হাতে না পাওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং পোষ্য গরু ‘সুন্দরী’কে কেন্দ্র করে নিয়মিত ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন সায়নী। সম্প্রতি তিনি আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছিলেন।
উল্লেখ্য, মৃত্যুর কিছুদিন আগে নৈহাটির বড়মার মন্দিরে মাকে সঙ্গে নিয়ে পূজা দিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন সায়নী। মন্দিরের ব্যবস্থাপনা ও ছবি তোলা নিয়ে সৃষ্ট বিরোধের ঘটনায় তিনি সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ঘটনার আলোচনা শেষ হওয়ার আগেই তার মৃত্যুর খবর সামনে এলো।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন