মা হওয়ার পর নারীদের শরীর নিয়ে মন্তব্যে কিয়ারার অসন্তোষ

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:৩৫ এএম
মা হওয়ার পর নারীদের শরীর নিয়ে মন্তব্যে কিয়ারার অসন্তোষ

মাতৃত্ব একজন নারীর জীবনে বড় পরিবর্তন আনে বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের সংস্কৃতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মাতৃত্ব, শারীরিক পরিবর্তন এবং নারীদের প্রতি সামাজিক প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলেন। কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তার জীবন ও চিন্তাভাবনায় নতুন উপলব্ধি যোগ করেছে।

তার ভাষায়, মাতৃত্ব তাকে জীবন, মানুষ ও অনুভূতিকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দিয়েছে। একইসঙ্গে এটি তাকে একজন শিল্পী হিসেবেও আরও পরিণত করেছে।

অভিনেত্রীর মতে, গর্ভাবস্থায় নারীদের সৌন্দর্য নিয়ে প্রশংসা করা হলেও সন্তান জন্মের পর তাদের শরীর নিয়ে সমালোচনা শুরু হয়। অনেক সময় নারীদের “মোটা” বা “আগের মতো নেই” বলে মন্তব্য করা হয়, যা তিনি অযৌক্তিক বলে মনে করেন।

তিনি আরও বলেন, সমাজ প্রায়ই প্রত্যাশা করে সন্তান জন্মের পর একজন নারী দ্রুত আগের শারীরিক অবস্থায় ফিরে আসবেন। কিন্তু বাস্তবে এটি একটি কঠিন ও সংবেদনশীল সময়, যেখানে একজন মায়ের শারীরিক ও মানসিক সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।

কিয়ারা আদভানি মাতৃত্বকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, এই অভিজ্ঞতা তাকে আরও সংবেদনশীল ও পরিণত করেছে। ভবিষ্যতের কাজেও এর প্রভাব থাকবে বলে তিনি মনে করেন।

গত বছরের ১৫ জুলাই কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে মাতৃত্ব উপভোগের পাশাপাশি তিনি নতুন সিনেমার কাজেও ব্যস্ত রয়েছেন।

সন্তান জন্মের পর নারীদের বডি শেমিং ও সামাজিক চাপ নিয়ে কিয়ারার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।

এম জি