কয়েক মাস আগেই বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। তখন সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও এবার নিজেই জানালেন, তিনি ‘এনগেজড’।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। সেখানে তাঁর রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা দেখা যায় ‘এনগেজড’। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে নতুন জল্পনা তবে কি সত্যিই বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী?
বিষয়টি নিশ্চিত হতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ফেসবুক স্ট্যাটাসটি পরিবর্তনের পরপরই মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। কেউ তাঁর হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার শুভকামনা জানিয়ে মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে সে সময় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরবর্তীতে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ।
তবে এবার সরাসরি ফেসবুকের প্রোফাইল স্ট্যাটাস ‘এনগেজড’ করার বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এটি তাঁর বাস্তব জীবনের বাগদান নাকি কোনো কাজের অংশ, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন