শাওনের ফেসবুক অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:২৩ পিএম
শাওনের ফেসবুক অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান লেখক তামান্না সেতু।

তিনি লেখেন, তার বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি অনেকগুলো রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি।

তামান্না সেতু আরও জানান, এ বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে তথ্য দিয়েছেন মেহের আফরোজ শাওন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করা হয়।

রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা ওই অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-ও অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফলে শাওনের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টি এখন পর্যন্ত তার ঘনিষ্ঠজনের দাবির ভিত্তিতেই জানা যাচ্ছে; এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

এম জি