ব্রাজিলের বিদায়ে আবেগঘন বার্তা দিলেন তটিনী

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১০:৪৫ এএম
ব্রাজিলের বিদায়ে আবেগঘন বার্তা দিলেন তটিনী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এমন অপ্রত্যাশিত বিদয়ে বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের মতো হতাশ হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সোমবার নরওয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয় ব্রাজিলের। এই হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ হতাশা প্রকাশ করেছেন, কেউ আবার দলের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

ব্রাজিলের বিদায়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে তিনি জানান, প্রিয় দলের প্রতি তার ভালোবাসা কোনো ফলাফলের ওপর নির্ভর করে না।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা- আমি আমার দলের সঙ্গেই থাকব।’

তটিনীর শেয়ার করা ছবিতে তাকে এক হাত দিয়ে চোখ ঢেকে রাখতে দেখা যায়। ছবিটির ভঙ্গিমায় পরাজয়ের বেদনা ও সমর্থকের আবেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অনেকের মতে, এটি ব্রাজিল সমর্থকদের বর্তমান মানসিক অবস্থারই প্রতীকী প্রকাশ।

শুধু পোস্টেই নয়, নিজের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করেছেন অভিনেত্রী। এর মাধ্যমে প্রিয় দলের বিদায়ে তার হতাশা ও আবেগের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

এএন