সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে একই সময়ে দেশে ২৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন রয়েছেন।
এ সময় ৩০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৫,৯৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৮,৪৯১ জন। এর মধ্যে ৬০.৬ শতাংশ পুরুষ এবং ৩৯.৪ শতাংশ নারী রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে।
গত বছর, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন