হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৫:৪৯ পিএম
হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ১৩ শিশু।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।

এদিকে গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪০ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭৩ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এম জি