দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই চারজন মারা যান। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২৪ জনের। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছিলেন। অপর দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন, আর মারা যান ৭৬ জন।
অক্টোবরের আট দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৫৪৩ জন; মৃত্যু হয়েছে ২৬ জনের।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তর প্রদান করেনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন