মানবদেহের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মস্তিষ্ক। এই মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যক্রম, ব্যাধি ও চিকিৎসা নিয়ে যে শাখা চিকিৎসাবিজ্ঞান কাজ করে, সেটিই স্নায়ুবিজ্ঞান (নিউরোলজি)।
অনেকেই ভুল করে ভাবেন 'স্নায়ুবিজ্ঞান' একটি রোগের নাম। আসলে এটি কোনো রোগ নয়; বরং এটি এক বিশাল চিকিৎসা শাখা, যার মাধ্যমে স্নায়ু-সংক্রান্ত বিভিন্ন রোগ শনাক্ত ও চিকিৎসা করা হয়।
স্নায়ুতন্ত্র কীভাবে কাজ করে: স্নায়ুতন্ত্র (Nervous System) দুই ভাগে বিভক্ত (১) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System): মস্তিষ্ক ও মেরুদণ্ড নিয়ে গঠিত। (২) পরিবাহী স্নায়ুতন্ত্র (Peripheral Nervous System): মস্তিষ্ক ও মেরুদণ্ড থেকে বের হওয়া স্নায়ু, যা শরীরের প্রতিটি অংশে সংকেত পাঠায়। এই স্নায়ুতন্ত্রই আমাদের চলাফেরা, চিন্তা, অনুভূতি, স্মৃতি, ঘুম, এমনকি শ্বাস-প্রশ্বাসও নিয়ন্ত্রণ করে।
স্নায়ুবিজ্ঞানের আওতায় যেসব রোগ পড়ে: স্ট্রোক (Brain Stroke), মৃগী রোগ (Epilepsy), মাথাব্যথা ও মাইগ্রেন, স্নায়ু ব্যথা (Neuropathy), পক্ষাঘাত (Paralysis), পারকিনসন রোগ, আলঝেইমার ও স্মৃতিভ্রংশ (Dementia), মেরুদণ্ডের ব্যথা ও স্নায়ু চাপা পড়া (Spinal Disorders), ঘুমের সমস্যা ও মানসিক চাপজনিত স্নায়ু বিকার। এগুলো সঠিক সময়ে চিকিৎসা না পেলে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।
লক্ষণ যা অবহেলা করা উচিত নয়: হঠাৎ শরীরের এক পাশ অবশ বা দুর্বল লাগা, জিনিস মনে রাখতে সমস্যা বা কথা জড়ানো, ঘন ঘন মাথাব্যথা বা মাথা ঘোরা, হাত–পা ঝিনঝিন বা জ্বালাপোড়া, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া বা ভারসাম্য হারানো এসবই সতর্কবার্তা। এমন কিছু হলে দ্রুত স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
প্রতিরোধ ও করণীয়: নিয়মিত ৬–৮ ঘণ্টা ঘুম, সুষম খাদ্য গ্রহণ (শাকসবজি, ফল ও ওমেগা–৩ সমৃদ্ধ খাবার), মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধূমপান ও অ্যালকোহল পরিহার, এবং রক্তচাপ–চিনি–লিপিড নিয়মিত পরীক্ষা স্নায়ুর সুস্থতা বজায় রাখতে সহায়ক। নামাজ, ধ্যান, হালকা ব্যায়াম মানসিক স্বাস্থ্যে উপকারী।
চিকিৎসা ও বিশেষজ্ঞের ভূমিকা: নিউরোলজিস্টরা MRI, CT Scan, EEG, EMG ইত্যাদি পরীক্ষা করেন। অনেক স্নায়ুরোগ ওষুধে নিয়ন্ত্রণে আসে, কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় ফিজিওথেরাপি বা সার্জারি।
সুতরাং, 'স্নায়ুবিজ্ঞান' কোনো রোগ নয়; এটি এমন এক চিকিৎসা শাস্ত্র, যা আমাদের মস্তিষ্ক ও স্নায়ুর জগৎকে বুঝতে সাহায্য করে। সুস্থ থাকতে স্নায়ুর যত্ন নিন, এবং প্রয়োজনে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন