সকালে ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১০:৫০ এএম
সকালে ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কিসমিসের নাম বহুদিন ধরেই রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুকনো কিসমিসের চেয়ে রাতে ভিজিয়ে রাখা কিসমিস ও তার পানি শরীরের জন্য আরও উপকারী। 

পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সহজে দ্রবীভূত হয়, যা সকালে খালি পেটে পান করলে শরীর দ্রুত শোষণ করতে পারে।

এ কারণে সপ্তাহে অন্তত কয়েক দিন এই পানি পান করলে হজমশক্তি বাড়া থেকে শুরু করে রক্তপরিশোধন পর্যন্ত নানা উপকার পাওয়া যায়। বিশেষ করে যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি কার্যকর প্রাকৃতিক টনিক।

ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা

কিসমিসে থাকা প্রাকৃতিক আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং লোহিত রক্তকণিকার ঘাটতি দ্রুত পূরণে সহায়তা করে।

শুকনো কিসমিসের তুলনায় ভিজানো কিসমিস রক্তপরিশোধনে বেশি কার্যকর। নিয়মিত খেলে শরীর থেকে টক্সিন বের হতে সহজ হয়।

খালি পেটে ভেজানো কিসমিসের পানি শরীরে পানিশূন্যতা দূর করে, হজমশক্তি বাড়ায় এবং কোনো ওষুধ ছাড়াই অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমাতে সক্ষম।

কিসমিসে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা হৃদযন্ত্র সুস্থ রাখে।

এতে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।

কিসমিসে আছে ফেনল, ভিটামিন সি, সেলেনিয়াম ও জিংক—যা রোগ প্রতিরোধে শক্তি দেয় এবং সেল ড্যামেজ কমায়।

গবেষণায় দেখা গেছে, ভেজানো কিসমিসের পানি খেলে জৈব রাসায়নিক প্রতিক্রিয়া সক্রিয় হয়, যা লিভার ও কিডনির স্বাভাবিক কার্যক্রম উন্নত করে।

অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনের সমন্বয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সজনিত সমস্যা কমাতে সহায়তা করে।

ক্যালসিয়াম ও বোরন হাড় ও দাঁত শক্তিশালী করে এবং শিশুদের বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিসমিসে থাকা স্বাস্থ্যকর শর্করা অল্পেই মিষ্টি খাওয়ার চাহিদা মেটায়, ফলে অতিরিক্ত চিনি গ্রহণ কমে।

যেভাবে খাবেন

রাতে দুই কাপ পানিতে কিছু গাঢ় রঙের কিসমিস ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে সেই পানি খালি পেটে পান করুন। চাইলে কিসমিসগুলোও খেতে পারেন। প্রয়োজনে পানি হালকা গরম করেও পান করা যায়।

নিয়মিত ভেজানো কিসমিসের পানি পান করলে খুব স্বল্প খরচেই শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব। এটি এক সহজ ও কার্যকর স্বাস্থ্যাভ্যাস, যা প্রতিদিনের জীবনযাত্রাকে করতে পারে আরও শক্তিশালী ও প্রাণবন্ত।

ইএইচ