দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
রোববার সকাল ৯টা থেকে নির্ধারিত উপজেলাগুলোতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বয়ে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
তালিকায় থাকা ৩০টি উপজেলার মধ্যে সংক্রমণের হার বিবেচনায় সবচেয়ে ওপরে রয়েছে বরগুনা সদর। এছাড়া অন্যান্য উপজেলাগুলো হলো: বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।
সরকারি সূত্র অনুসারে, এই বিশেষ কর্মসূচির আওতায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে টিকাদান কেন্দ্র ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।
শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই গণটিকাদান কর্মসূচির মাধ্যমে সংক্রমণের বর্তমান ধারা দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন