সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে এবং হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,৪২১ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২,০২৮ জন।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৩ জন। ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ৪,৬০৩ জনে পৌঁছেছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১,৪৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭,৯৫৫ জন।
মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২১৬ জনের মৃত্যু হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন