হামে আরও ৪ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৪:২২ পিএম
হামে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া যায়।

মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৩ জনের হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশু ঢাকায় এবং হামের উপসর্গে সুনামগঞ্জ, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫১৪ শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ৯১ শিশুর। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৫ হাজার ৭০৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬১ হাজার ১৯৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ৫৭ হাজার ৪৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ ছাড়া একই সময়ে ৯ হাজার ২৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

এম জি