দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। একই সময়ে নতুন করে ৩২৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩২৭ জন ভর্তি হয়েছেন। নতুন রোগীদের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা রয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৭ জন।
বর্ষাকালে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন