রাশিয়ার মনুষ্যবিহীন লুনা-২৫ চন্দ্রযান (মহাকাশযান) নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চাঁদে বিধ্বস্ত হয়েছে। রোববার রুশ কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
প্রায় ৫০ বছরের মধ্যে এটি ছিল রাশিয়ার প্রথম চাঁদ অভিযান।
মহাকাশযানটি প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল। কিন্তু এটি তার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হওয়ার পরে এ অভিযানটি ব্যর্থ হয়।
এটি চাঁদের একটি অংশ অন্বেষণ করার জন্য প্রস্তুত করা হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন যে চাঁদের ওই অংশে হিমায়িত পানি ও বিভিন্ন মূল্যবান উপাদান থাকতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে বলেছে যে শনিবার বিকেল ২টা ৫৭ মিনিটের পরেই এটি লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।
এ সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে ৮০০ কেজি ওজনের ল্যান্ডারটি "চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে বিধ্বস্ত হয়েছে।
রোসকসমস বলেছে যে একটি বিশেষ কমিশন কেন মিশনটি ব্যর্থ হয়েছে তা খতিয়ে দেখবে।
লুনা -২৫-এর ব্যর্থতা রোসকসমসের জন্য একটি বড় আঘাত। রাশিয়ার বেসামরিক মহাকাশ কর্মসূচি কয়েক বছর ধরে হ্রাস পাচ্ছে, কারণ তাদের রাষ্ট্রীয় অর্থায়ন ক্রমবর্ধমান হারে সামরিক খাতে ব্যয় করা হচ্ছে।
সূত্র : বিবিসি
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন