মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” — খবর আল জাজিরার।
খামেনির এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ এবং মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে খামেনি এমন বার্তা দিয়েছেন।
গত কয়েক মাস ধরে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু হচ্ছে। এরই মধ্যে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইরান।
সম্প্রতি ইসরায়েল আকস্মিকভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। পাঁচ দিনব্যাপী এসব হামলায় ইরানের সেনাপ্রধান, আইআরজিসি প্রধানসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। নিহত হয়েছেন বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। ধ্বংস হয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনা এবং আরও ১০টি স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ত।
তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ভাগ্যও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে। এ বক্তব্যকে অনেকেই খামেনির প্রতি সরাসরি হত্যার হুমকি হিসেবে দেখছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের বহু ভবন ও সরকারি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছে তেহরান। দুই দেশের এ সংঘাতে ইতোমধ্যে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার একাধিক পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি ইঙ্গিত করে বলেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে এখনই তাকে বের করে আনছি না।”
আরেক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই না বেসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য ক্রমেই কমে আসছে।”
পরবর্তী পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানের আকাশসীমা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানান।
এসব বক্তব্যের জবাবে আয়াতুল্লাহ খামেনি ফের এক পোস্টে লেখেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন