কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংকটের জেরে কুয়েতের আকাশসীমা সম্প্রতি একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সর্বশেষ এই হামলায় একজন নিহত হয়েছেন এবং বিভিন্ন দেশের বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন।
আহত চার বাংলাদেশিকে দ্রুত স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা আহত প্রবাসীদের চিকিৎসার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সাথে আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
এই হামলার পর কুয়েত সরকার দেশজুড়ে কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। নতুন আইন অনুযায়ী, যেকোনো রকেট বা ড্রোন হামলা এবং তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তাই বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এই আইন মেনে চলার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি বা ভিডিও ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
টানা হতাহতের ঘটনার কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এই জরুরি পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার স্বার্থে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন