বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন ও কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে ভারত সরকার। এখন থেকে ভিসা অনুমোদনের আগে আবেদনকারীর বিগত অন্তত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অনলাইন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।
মূলত মার্কিন ভিসা নীতির আদলে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে।
নতুন এই নিয়ম মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শিশু এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়ায় শিথিলতা থাকতে পারে।
ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা সংশ্লিষ্টরা মনে করছেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী জনমত গঠন, বিদ্বেষমূলক প্রচারণা বা উস্কানিমূলক পোস্ট করেন, তাদের ভিসা না দেওয়াই হবে যুক্তিযুক্ত। আগে বিশেষ কিছু ক্ষেত্রে এমন অনুসন্ধান চালানো হলেও, এখন থেকে এটি নিয়মিত ভিসা প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ হিসেবে কার্যকর হতে যাচ্ছে।
বর্তমানে ঢাকা, রাজশাহী, সিলেটসহ দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে এই ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশেষ করে মেডিকেল, শিক্ষা ও জরুরি ভিসার ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং ইতোমধ্যেই অনেকটা শুরু হয়ে গেছে। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক এক কূটনীতিক এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ভারতবিরোধীদের শনাক্ত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সুরক্ষা নিশ্চিত করতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তি জারি করা না হলেও, প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বাড়ানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। এর ফলে ভারত ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইনে যেকোনো মন্তব্য বা পোস্ট করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের বিষয়টি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন