কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে শিবাঙ্ক অবস্তি (২০) নামে এক মেধাবী ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের (স্কারবরো ক্যাম্পাস) পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন। গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
টরন্টো পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিবাঙ্ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্যারামেডিকরা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনাটি চলতি বছর টরন্টোয় ৪১তম হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে নথিবদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমানে ঘাতককে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।
তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টরন্টোতে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
উদ্বেগের বিষয় হলো, শিবাঙ্ক হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগেই টরন্টোয় হিমাংশি খুরানা (৩০) নামে আরও এক ভারতীয় নারী খুন হন। গত শনিবার স্ট্র্যাচান অ্যাভিনিউ এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আব্দুল গাফুরি (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পুলিশ।
সপ্তাহের ব্যবধানে দুই ভারতীয় নাগরিকের এমন মর্মান্তিক মৃত্যুতে কানাডায় বসবাসরত প্রবাসী ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ ও ভারতীয় কনস্যুলেট সমন্বিতভাবে ঘটনা দুটির নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন