ইরানের তীব্র মিসাইল হামলার মুখে বিপাকে পড়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ ডেজার্টে দুই প্রধান শহর দিমোনা ও আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।
তিনি বিশ্বনেতাদের প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের শহর আরাদে সাম্প্রতিক এক হামলার স্থান পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।
সেখানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ইতোমধ্যে কয়েকটি দেশ এ দিকেই এগোচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত সমর্থন প্রয়োজন।
নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইরানের এমন সামর্থ্য রয়েছে যা দিয়ে তারা ইউরোপের গভীর অভ্যন্তরে দীর্ঘপাল্লার হামলা চালাতে পারে।
এদিকে পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে, এবং সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা ও বিবিসি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন