মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি ক্রেমলিনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিসর উভয় দেশের জন্যই একটি ‘অংশীদারত্বমূলক উদ্বেগের’ বিষয়। এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে যেকোনো ভূমিকা পালনে রাশিয়া প্রস্তুত রয়েছে।
রুশ সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন এই সংঘাতের দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে রাশিয়া সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে আগ্রহী।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ পুরো অঞ্চলে উত্তেজনা যখন চরমে, তখন বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া এই সংকটে সক্রিয়ভাবে যুক্ত হতে চাইছে। মিসরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনাই এখন ক্রেমলিনের লক্ষ্য। সূত্র: আল জাজিরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন