ছোট্ট শিশুর আবদারে ইসরায়েলে গোলাপি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:২৬ পিএম
ছোট্ট শিশুর আবদারে ইসরায়েলে গোলাপি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

একটি ছোট্ট শিশুর অনুরোধ ঘিরে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ঘটনায় দাবি করা হয়েছে, এক ইরানি শিশুর আবদারের পর ইসরায়েলের দিকে গোলাপি রঙের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে গোলাপি রঙের একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘বিপ্লবী ছোট্ট মেয়েটির অনুরোধে।’

এর আগে চলতি সপ্তাহে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ইরানি শিশু আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মুসাভিকে উদ্দেশ করে ইসরায়েলে গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুরোধ জানাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ‘সেপাহ সাইবারি’ নামে একটি টেলিগ্রাম চ্যানেল থেকে সংশ্লিষ্ট ছবিটি প্রকাশ করা হয়।

চ্যানেলটি আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে, কারণ এটি নিয়মিতভাবে ইরানের সরকারপন্থি প্রচারণা ও সাইবার-সংক্রান্ত বার্তা প্রচার করে। বিশ্লেষকদের মতে, সামরিক পদক্ষেপকে সামাজিক মাধ্যমে আদর্শিক ও আবেগঘনভাবে উপস্থাপন করা ইরানের একটি পরিচিত কৌশল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শিশুটির আহ্বানের ৪৮ ঘণ্টার মধ্যেই তেল আবিব লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য ফুটেজ বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এরই মধ্যে ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা সামনে আসে, যেখানে চারজন নিহত হন। এই ঘটনার পরপরই গোলাপি ক্ষেপণাস্ত্রের ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নতুন করে নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পুরো ঘটনাটি বাস্তব হামলার চেয়ে বেশি প্রতীকী বার্তা ও মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির অংশ হতে পারে।

এএন