গরুকে শুধুমাত্র একটি পশু হিসেবে দেখার প্রবণতার সমালোচনা করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গরু ‘মা’ হিসেবে সম্মানিত এবং পূজনীয়।
সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ নিজেদের মায়ের মতোই গরুকেও শ্রদ্ধা করে। যারা গরুকে কেবল পশু হিসেবে অভিহিত করেন, তারা পরোক্ষভাবে গো-হত্যাকে সমর্থন করেন।
যোগী আদিত্যনাথের ভাষায়, গরু আমাদের মা। তাকে নিছক পশু বলা যায় না। গোমাতাকে পশু বলে আখ্যা দেওয়া মানসিকতার প্রতিফলন। গোমাতা আমাদের রাষ্ট্র মাতা, এর জন্য কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, মায়ের সম্মান রক্ষার বিষয়টি কাউকে আলাদা করে শেখাতে হয় না। ‘গোমাতার’ প্রতি কোনো ধরনের অসম্মান না হয়, সে বিষয়ে মুসলিম ধর্মীয় নেতাদেরও তাদের অনুসারীদের সচেতন করার আহ্বান জানান তিনি।
এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি এবং কয়েকটি মুসলিম সংগঠন এ দাবি তুলেছে। এ দাবির সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কর্মসূচিও পালন করা হয়েছে।
গরুকে জাতীয় পশু ঘোষণার দাবির প্রসঙ্গ উল্লেখ করে যোগী আদিত্যনাথ বলেন, অনেকে এখন গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার কথা বলছেন। তবে আমাদের কাছে গরু মা-সম। তার সঙ্গে আমাদের সম্পর্ক বহু জন্মের।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন