ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সদস্য।
শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি-এর তথ্য অনুযায়ী, নিহতরা আইআরজিসির একটি বিশেষজ্ঞ দলভুক্ত ছিলেন, যারা ওই এলাকায় অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণে নিয়োজিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঝুঁকিপূর্ণ স্থানে বোমা নিষ্ক্রিয় করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন সদস্য।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই অঞ্চলের প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি অবিস্ফোরিত বোমার কারণে ঝুঁকিতে ছিল। কৃষিকাজের উপযোগী করতে এসব জমি নিরাপদ করার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল।
ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন