আটলান্টিক মহাসাগরে চলাচলরত একটি ক্রুজ জাহাজে বিরল হান্টাভাইরাস সংক্রমণের সম্ভাব্য প্রাদুর্ভাবে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ। এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।
রোববার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। এখন পর্যন্ত অন্তত একজনের শরীরে হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, একজন রোগী দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। একই সঙ্গে জাহাজে থাকা আরও দুইজন উপসর্গযুক্ত ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
ক্রুজ পরিচালনাকারী একটি ডাচ কোম্পানি জানিয়েছে, জাহাজটি বর্তমানে আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের কাছে অবস্থান করছে। স্থানীয় কর্তৃপক্ষ সহায়তা করলেও এখনো জাহাজ থেকে কাউকে নামতে দেওয়া হয়নি। অসুস্থ দুইজন গুরুতর অবস্থায় থাকা ক্রু সদস্য বলেও জানানো হয়েছে।
প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ৭০ বছর বয়সী এক যাত্রীর, যিনি জাহাজেই মারা যান। পরে তার মরদেহ দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ অঞ্চল সেন্ট হেলেনায় নামানো হয়। তার স্ত্রী পরে দক্ষিণ আফ্রিকার একটি বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। তৃতীয় মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিতভাবে জাহাজের মধ্যেই রয়েছে।
জাহাজটিতে প্রায় ১৫০ জন পর্যটক ছিলেন এবং সাধারণত সেখানে প্রায় ৭০ জন ক্রু সদস্য কাজ করেন।
ক্রুজ পরিচালনাকারী কোম্পানি জানিয়েছে, বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার হলো অসুস্থ দুই ক্রু সদস্যের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন