স্কুলের খাবারে মরা সাপ, অসুস্থ শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:১৮ পিএম
স্কুলের খাবারে মরা সাপ, অসুস্থ শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

ভারতের বিহারে সরকারি স্কুলের দুপুরের খাবারে (মিড-ডে মিল) মরা সাপের বাচ্চা পাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার (৭ মে) বিহারের সহরসা জেলার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এই ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে সরবরাহ করা দুপুরের খাবার শিক্ষার্থীদের পরিবেশন করছিল স্কুল কর্তৃপক্ষ। খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর থালায় তরকারির ভেতরে একটি মরা সাপের বাচ্চা পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেক শিক্ষার্থী বমি ও পেটে ব্যথার কথা জানায়।

অসুস্থ শিশুদের চিৎকারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনার পর স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তকারী দলটি ইতোমধ্যে সংশ্লিষ্ট এনজিওর রান্নাঘর পরিদর্শন করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারে বিষক্রিয়া বা রান্নায় অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি ও খাবারের নিম্নমানের অভিযোগ তুলে ক্ষুব্ধ অভিভাবকরা ওই এনজিওর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। ভবিষ্যতে সরকারি স্কুলের খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

জেএইচআর