পবিত্র হজ মৌসুমে হাজিদের চিকিৎসাসেবা আরও দ্রুত ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের জন্য বাণিজ্যিক অনুমতিপত্র দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।
২০২৬ সালের হজকে সামনে রেখে ‘টেরা ড্রোন অ্যারাবিয়া’ নামের একটি প্রতিষ্ঠানকে এই লাইভ অপারেশনাল পারমিট দেওয়া হয়েছে বলে সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
জিএসিএ জানিয়েছে, হজের সময় বিপুল জনসমাগমের মধ্যে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে। গত হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে ড্রোন পরিচালনায় সফলতা পাওয়ার পর এবার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এই ব্যবস্থার মাধ্যমে মক্কা ও মিনার মতো জনাকীর্ণ এলাকায় যানজট এড়িয়ে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবায় বাড়বে গতি ও নিরাপত্তা।
সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনা এবং বিমান চলাচল খাতের আধুনিকায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হাজিদের সেবা আরও সহজ ও কার্যকর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে জিএসিএ।
সংশ্লিষ্টরা মনে করছেন, ড্রোনভিত্তিক এই সেবা হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জরুরি স্বাস্থ্যসেবায় দ্রুত সাড়া দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সৌদি গেজেট
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন