ট্রাম্প

ইরান অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার নয়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৯:৩৩ পিএম
ইরান অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-সংক্রান্ত সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে মোতায়েন প্রায় ৫০ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সেনা সরিয়ে নেওয়া হবে অপরিণামদর্শী সিদ্ধান্ত।

শুক্রবার ধারণ করা এবং রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী বর্তমানে ঝুঁকির মধ্যে নেই। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি বলেন, এখন সেনা প্রত্যাহার করা বোকামি হবে। কারণ এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন তাদের প্রয়োজন হতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরান অভিযানে মার্কিন হতাহতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ইরান-সংক্রান্ত সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যা অবশ্যই দুঃখজনক। তবে অতীতের বড় যুদ্ধগুলোর তুলনায় এ সংখ্যা অনেক কম।

ট্রাম্প বলেন, আমি কাউকেই হারাতে চাই না। কিন্তু বাস্তবতা হলো, এই সংখ্যা অনেকের ধারণার চেয়েও কম।

তিনি আরও দাবি করেন, ইরান-সংক্রান্ত অভিযানে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে এবং সামরিক কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে বিভিন্ন হামলা ও দুর্ঘটনায় মোট ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে কুয়েত ও সৌদি আরবে হামলায় কয়েকজন সেনা প্রাণ হারান। এছাড়া পশ্চিম ইরাকে একটি সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়ও কয়েকজন সেনা নিহত হন।

সূত্র: সিএনএন

এম জি