ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নৌ চলাচল সংকটের কারণে হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে থাকা ৫৬২ জন ভারতীয় নাবিক গত ১০৭ দিন ধরে আটকে আছেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আটকে থাকা নাবিকদের মধ্যে ৩২৯ জন হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং ২৩৩ জন ওমান উপসাগরের পূর্ব অংশে অবস্থান করছেন। দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকার কারণে তাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
এদিকে হরমুজে আটকে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘এমটি সেলেস্টিয়াল’ এ কর্মরত নিশান্ত উরথানাথন অসুস্থ হয়ে মারা গেছেন। মাস্কটে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মরদেহ দ্রুত ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দূতাবাস জানায়, মৃতদেহ জাহাজ থেকে নামিয়ে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। বর্তমানে জাহাজটি ওমানের দুকম বন্দরে নোঙর করা রয়েছে।
অন্যদিকে ‘বিরাট ১’ নামের আরেকটি ভারতীয় পতাকাবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেলে ১৪ জন ক্রু নিরাপত্তার জন্য উদ্ধার নৌকায় আশ্রয় নেয়। তাদের উদ্ধারে ওমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জাহাজগুলো কাজ করছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংকটের পর থেকেই এসব জাহাজ ও নাবিক হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে আটকে পড়েছেন। দীর্ঘ অনিশ্চয়তায় তাদের জীবনযাত্রা ও কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন