আর্জেন্টিনার রাজধানীতে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:৫৮ পিএম
আর্জেন্টিনার রাজধানীতে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব

দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় ও অনন্য রূপ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারের এক সৌজন্য সাক্ষাতে এই চমৎকার প্রস্তাবটি উত্থাপন করা হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমুখী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “বর্তমান নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী করতে বদ্ধপরিকর। দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি নেই। বাংলাদেশের পক্ষ থেকে যে ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়া পাঠানো হয়েছে, তা দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন।”

তিনি দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের ওপর জোর দিয়ে বলেন, “এর মাধ্যমে আমাদের বাউল ও লোক ঐতিহ্যের সাথে আর্জেন্টিনার ট্যাঙ্গো ও চ্যামামে নৃত্যের মেলবন্ধন ঘটবে।”

মন্ত্রী চলচ্চিত্র ও সংস্কৃতির অন্যান্য অনুষঙ্গ বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ককে আরও বিস্তৃত করার তাগিদ দেওয়ার পাশাপাশি দুই দেশের জলবায়ু ও আবহাওয়ার সামঞ্জস্য বিবেচনা করে বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণের এক পরিবেশবান্ধব প্রস্তাবও দেন।

দুই দেশের জনগণের সংযোগ আরও জোরদার করার প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে খুব শিগগিরই বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও জানান, এই বিশেষ ব্লগার দলটি বাংলাদেশে অবস্থান করে এখানকার আর্জেন্টিনা ফুটবল দলের কোটি ভক্তদের উন্মাদনা, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে।

এএন