ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে এই সরকারি ছুটি কার্যকর থাকবে। এই তিন দিনেই খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
খামেনির দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হাসান হাসানযাদেহ জানান, প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তাঁর দাফন সম্পন্ন হবে। এই সার্বিক প্রক্রিয়ার কারণে তেহরান প্রদেশে তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে এবং ৬ জুলাই খামেনির দাফনের দিন সারা দেশে সরকারি ছুটি পালনের কথা জানিয়েছিল রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।
খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তাঁর স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ ৩৬ বছর ছয় মাস এই পদে দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে এক হামলায় নিহত হন তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন