ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রাঘাতে প্রাণ গেল বিএসএফ সদস্যের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:৫০ পিএম
ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রাঘাতে প্রাণ গেল বিএসএফ সদস্যের

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য। মঙ্গলবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিএসএফ সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব পালন করছিলেন।

বিএসএফ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি অরক্ষিত অংশে নিয়মিত টহলে ছিলেন তিনি। এ সময় এলাকায় প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত শুরু হয়।

জিরো লাইনের কাছাকাছি খোলা স্থানে নজরদারির সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন দুবে। ঘটনাটি ঘটার পর তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিথিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গঙ্গা নদী পারাপারের সময় নৌকায় থাকা অবস্থায় তারা বজ্রপাতের কবলে পড়েন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রবল বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এএন