ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখাবয়বের আদলে তৈরি একটি মুখোশ পরে মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে বহু চেষ্টা করেও দোকানের তালা ভাঙতে না পেরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার রাতে কারেদা থানা এলাকার একটি মোবাইল ফোনের দোকানে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। তার মুখে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদলে তৈরি একটি মুখোশ, যা সাধারণত রাজনৈতিক জনসভা বা প্রচারণায় ব্যবহৃত হয়ে থাকে।
পুলিশ জানায়, একাধিকবার চেষ্টা করেও তালা ভাঙতে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি শেষ পর্যন্ত সেখান থেকে চলে যান। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
'সচিন গুপ্ত' নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরণমল মিনা সংবাদসংস্থা পিটিআইকে জানান, চুরির সময় অভিযুক্ত ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর মুখাবয়বের মুখোশ পরে ছিলেন। তবে আশপাশের আরও কয়েকটি সিসিটিভি ফুটেজে তার প্রকৃত মুখ দেখা গেছে। সেসব ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
তদন্তকারীরা আরও জানান, একই ব্যক্তিকে দিনের বেলাতেও ওই এলাকায় মুখোশ ছাড়া ঘোরাফেরা করতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে একই রাতে আরেকটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে দুটি ঘটনার মধ্যে একই ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন