ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। দেশটির সর্বশেষ সরকারি তথ্যানুযায়ী, এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১১ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দেশটির পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।
গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা এবং বহু বহুতল আবাসিক ভবন ধসে পড়ে।
সরকারিভাবে জীবিত ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান অভিযান শেষ করা হলেও ধ্বংসস্তূপে এখনও স্বজনদের খুঁজছেন অনেক পরিবার। তাদের আশা, অন্তত প্রিয়জনদের মরদেহ উদ্ধার করে যথাযথ মর্যাদায় দাফনের সুযোগ পাবেন।
এদিকে শুক্রবার রাজধানী কারাকাসের মধ্যাঞ্চলে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন খালি করা হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেঙে পড়া রাষ্ট্রীয় সেবাব্যবস্থার কারণে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বুধবার জাতিসংঘ জরুরি সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার সংগ্রহের আহ্বান জানায়। সংস্থাটির হিসাবে, বর্তমানে দেশটিতে প্রায় ১৩ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে অস্থায়ী রান্নাঘর, ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র ও ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য বিদেশে জব্দ থাকা রাষ্ট্রীয় সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি বলেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ফেরত দিতে রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ জানানো হয়েছে।
ডেলসি রদ্রিগেজ সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এই সংকটকে সামাজিক অস্থিরতায় পরিণত হতে দেওয়া হবে না। তবে অনেক ভেনেজুয়েলাবাসীর অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগে সরকার পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন