যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে আবার মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানের জাহাজের ওপর পুনরায় কঠোর অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই নৌ রুট দিয়ে চলাচলকারী অন্যান্য সব দেশের জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি বা শুল্ক আদায়ের ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার দেওয়া এক বিশেষ ঘোষণায় তিনি এই নতুন পদক্ষেপের কথা জানান।
আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়ান টুডে ও ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিবে এবং প্রণালিটির অভিভাবক হয়ে উঠবে।’ পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে এই ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি।
উপসাগরীয় অঞ্চলে গত কয়েকদিনের টানা সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান সংঘাতকে চরম পর্যায়ে নিয়ে ঠেকেছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে। আমরা ইরানি অবরোধ পুনর্বহাল করছি, যার নামকরণ এই কারণেই করা হয়েছে। এটি কেবল ইরানি বন্দর অভিমুখে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর কার্যকর হবে।’ অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য ও মুক্তভাবে ব্যবহার করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে। সেই কারণে এই অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ ব্যবহারকারী দেশগুলোর উচিত এর সার্বিক সুরক্ষার খরচ বহন করা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন