এরদোয়ান

ফেটো নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:৪১ পিএম
ফেটো নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন (ফেটো) পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আইনের শাসন মেনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (১৫ জুলাই) রাজধানী আঙ্কারায় ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘১০ বছর ১৫ জুলাই: ইচ্ছাশক্তি আমাদের, বিজয় আমাদের’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

এরদোয়ান বলেন, ফেটোর অস্তিত্ব এখনো শেষ হয়নি। তাই সংগঠনটির বিরুদ্ধে লড়াইও অব্যাহত থাকবে। ধৈর্য, আইন ও ন্যায়বিচারের কাঠামোর মধ্য দিয়েই তাদের সৃষ্ট হুমকি সম্পূর্ণভাবে দূর করা হবে।

তিনি জানান, ফেটোর গোপন সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সংগঠনটি ভবিষ্যতে যেকোনো ধরনের ষড়যন্ত্র বা ফাঁদ পেতে রাখতে পারে-সেই সম্ভাবনার বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য দেশে আর কোনো সুযোগ নেই। যারা তুরস্কের বিরুদ্ধে বৈরিতা দেখাবে, তারা কোনোভাবেই সফল হতে পারবে না।

২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার জন্য দীর্ঘদিন ধরেই ফেটোকে দায়ী করে আসছে আঙ্কারা। এরদোয়ানের অভিযোগ, ওই রাতে সংগঠনটি তুরস্কের পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবন, সামরিক সদরদপ্তর, পুলিশ স্থাপনা, রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি এবং স্যাটেলাইট প্রতিষ্ঠান তুর্কস্যাটসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছিল।

তিনি ফেটোকে রাষ্ট্রযন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা ‘ক্যানসারের কোষের মতো’ একটি গুপ্তচর নেটওয়ার্ক হিসেবে উল্লেখ করে বলেন, এই সংগঠন সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।

অভ্যুত্থান প্রতিহত করতে প্রাণ উৎসর্গকারী নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরদোয়ান বলেন, সেদিন তুরস্কে স্বাধীনতা সংগ্রামের চেতনা নতুন করে জাগ্রত হয়েছিল। জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে, এই জাতিকে কোনো শক্তিই পরাজিত করতে পারে না।

উল্লেখ্য, ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টায় ২৫৩ জন নিহত এবং ২ হাজার ৭০০ এর বেশি মানুষ আহত হন।

ভাষণের শেষদিকে গাজা, লেবানন, সোমালিয়া, সিরিয়া, রাখাইন ও সুদানসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলের মানুষের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

তিনি বলেন, বিশ্বের যেখানেই নির্যাতিত ও অসহায় মানুষ থাকবে, তুরস্ক তাদের পাশে থাকবে। এ ভূমিকা বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এম জি