যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। নতুন করে হামলা-পাল্টা হামলার খবরে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের তেলের দামই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। ফলে আগের দিনের মূল্যপতনের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠেছে তেলের বাজার।
চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। এতে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
জ্বালানি বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। শুক্রবার এশিয়ার কয়েকটি দেশের প্রধান শেয়ারসূচক লেনদেনের শুরুতেই নিম্নমুখী অবস্থানে ছিল। এর মধ্যে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ শতাংশের বেশি দরপতনের মাধ্যমে দিনের লেনদেন শুরু করে।
এদিকে একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে হামলার ঘটনায় সাতজন নিহত এবং নয়জন আহত হওয়ার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া হামলার লক্ষ্যবস্তু ও নিহতদের পরিচয় সম্পর্কেও এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন