ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় তাঁদের সঙ্গে দলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়।
দলটির অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জবাবদিহি চাওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ চলাকালীন কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি জবাব পেতেই তাঁরা সেখানে অবস্থান নিয়েছিলেন।
এর আগে, শিক্ষাব্যবস্থায় ধস ও প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সমর্থিত আন্দোলনকারীরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রার চেষ্টা চালান। সে সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে পুলিশ সদস্যসহ প্রায় ১৮০ জন আহত হয়েছেন।
আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে এবং পূর্ব অনুমতি ছাড়া নির্ধারিত এলাকায় বিক্ষোভ করায় আইন অনুযায়ী তাঁদের আটক করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন