দিল্লিতে চলছে বিক্ষোভ, ভিডিও বার্তায় যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১২:১০ পিএম
দিল্লিতে চলছে বিক্ষোভ, ভিডিও বার্তায় যা বললেন মোদি

প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তাঁর সরকার।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শুক্রবার এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় দিল্লি হাইকোর্ট।

ভিডিও বার্তায় মোদি বলেন, বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন কারাগারে আছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যেন কোনো শিক্ষার্থীর একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষাগুলো নেওয়া অত্যন্ত জরুরি ছিল।

ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, সরকার ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করতে তাঁদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে।

মোদি বলেন, আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছিলাম। আজ তারা গভীর রাত পর্যন্ত কাজ করে অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভায় এটি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ যুক্ত করে একে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর পার্লামেন্টে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করা হবে।

জেএইচআর