মিছিল চলাকালীন সমকামীদের গাড়িচাপা দিয়ে পালালেন চালক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:৩৫ এএম
মিছিল চলাকালীন সমকামীদের গাড়িচাপা দিয়ে পালালেন চালক

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড প্যারেডে ভয়াবহ গাড়ি হামলার ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি গাড়ি মিছিলের ভেতরে ঢুকে পড়লে অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও হামলাকারী এখনও পলাতক।

স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইতুং–এর সাংবাদিক ইভা ব্রাউনগার্ট জানান, হামলার কিছুক্ষণ আগে তিনি প্রাইড প্যারেডে উপস্থিত ছিলেন। পরে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, একটি সাদা রঙের গাড়ি উচ্চগতিতে মিছিলের ভেতরে উঠে যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে চারদিকে ছুটতে থাকেন অংশগ্রহণকারীরা।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কসংলগ্ন আহোরেনস্টেইগ সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত এক বা একাধিক ব্যক্তিকে শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে ওই স্থান এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত প্রাইড প্যারেডের বাকি কর্মসূচিও বাতিল করা হয়েছে।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এএন