বিশ্ববাজারে স্বর্ণের দাম লাগাতার কমছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:১০ এএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম লাগাতার কমছে

বিশ্ববাজারে আন্তর্জাতিক মানদণ্ডে স্বর্ণের দাম লাগাতার কমছে। মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত আসন্ন সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় এই দরপতন হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০৪৪.৮১ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪,০৪৫.৪০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে এবং বিনিয়োগকারীরাও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কম দেখাচ্ছেন।

এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের দুই দিনব্যাপী নীতিনির্ধারণী বৈঠক আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। বাজারের একটি বড় অংশ মনে করছে, এবার হয়তো সুদের হার অপরিবর্তিত রাখা হবে। তবে আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার নতুন করে বৃদ্ধির সম্ভাবনাও জোরালো হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, ফেড যদি ভবিষ্যতে সুদের হার বাড়ানোর বিষয়ে কঠোর কোনো বার্তা না দেয়, তবে স্বর্ণের দাম আবারও ঘুরে দাঁড়িয়ে প্রতি আউন্স ৪,২০০ ডলারের ওপর উঠে যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ নিম্নমুখী। এর মধ্যে রূপার দাম ১.৯ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ কমেছে।

জেএইচআর