গ্যাটকো মামলা: খালেদা জিয়ার চার্জ শুনানি পেছালো

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৪:৩২ পিএম
গ্যাটকো মামলা: খালেদা জিয়ার চার্জ শুনানি পেছালো

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৬ অক্টোবর নতুন এ দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

কিন্তু এদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং চার্জ শুনানির জন্য আইনজীবীদের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ঠিক করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার হাজিরা দিয়েছেন বলেও জানান তিনি।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। 

এখন এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

 

টিএইচ