নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা। মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তাই পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী শুক্রবার (২৮ অক্টোবর) পরীক্ষা আয়োজনে আর কোন বাঁধা থাকল না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হাইকোর্টের দেওয়া রুলসহ এক মাসের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
মুখপাত্র জানান, যেহেতু হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। তাই যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলে ২৮ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক। এর আগে গতকাল সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।
গত ২৩ অক্টোবর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ওপর রুলসহ এক মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক। রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। অর্থসচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্র্স বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী রাশেদুল হক জানান, গত ১০ মে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়। কিন্তু এ বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করা হয়নি। এতে করে অনেক চাকরিপ্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। বঞ্চিত একজন চাকরিপ্রত্যাশী বয়সের ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এর আগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা), সহকারী পরিচালক (পরিসংখ্যান), অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল) এবং অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের বিভিন্ন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৯ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে পুনঃবিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ১০ মে সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় প্রকাশ করা হয়নি। পরে মির্জা রকিবুল হাসান নামে চাকরিপ্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন।
ইএফ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন