কাজী এরতেজা হাসান রিমান্ডে

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৩:২৮ পিএম
কাজী এরতেজা হাসান রিমান্ডে

জালিয়াতি ও প্রতারণার মামলায় এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ১০টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। 

জালিয়াতি ও প্রতারণার মামলায় সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাকে দুই দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সংশ্লিষ্ট আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ হোসেন এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকা থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআইয়ের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ সুপার আবু ইউসুফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর খিলক্ষেতে গত ১০ জানুয়ারি করা একটি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে এরতেজার নাম উঠে আসে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার এজাহারনামীয় আরও তিন আসামির মধ্যে একজন নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ। অন্য দুই জন হলেন রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। এই মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন আবু ইউসুফ আব্দুল্লাহ।

গ্রেপ্তার কাজী এরতেজা হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

টিএইচ