ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন

বিএনপি-জামায়াত সমর্থিতদের নিরঙ্কুশ জয়

এস এম ইউসুফ আলী, ফেনী প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ১১:০৮ এএম
বিএনপি-জামায়াত সমর্থিতদের নিরঙ্কুশ জয়
ছবি: ফাইল

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি-সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১১টি পদে নিরঙ্কুশ জয়লাভ করেছে।

শনিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সহ-সভাপতি ও অর্থ সম্পাদকসহ বাকী ৪টি পদে জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে উভয় প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার ও  সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার।

ঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. আবদুস সাত্তার ১৭০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয় হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফারুক পেয়েছেন ১৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মো. টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর  নিকটতম প্রতিদ্বন্দ্বি রসিক শেখর ভৌমিক পেয়েছেন ১২১ ভোট।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. শামসুল হুদা ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মুহাম্মদ ইসহাক পেয়েছেন ১৭২ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের এমদাদ হোসাইন ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জামাল উদ্দিন পেয়েছেন ১৫৮ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঞা ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শরফুদ্দিন আহাম্মদ ডালিম পেয়েছেন ১৬২ ভোট।

অডিটর পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. আরিফ ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সেলিম উদ্দিন সজিব পেয়েছেন ১১৩ ভোট।

অর্থ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. আরশাদ আলী ভূঞা ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ১৪১ ভোট।

লাইব্রেরী সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ১৪২ ভোট।

এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদের মধ্যে ৪টিতে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকী দুটিতে সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয় লাভ করছেন।

প্রসঙ্গত, ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন ও অডিটর পদে স্বতন্ত্র এক প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি  ভবনের দ্বিতীয় তলায় ৩৩২জন ভোটারের মধ্যে ৩২০ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।