রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
অভিযুক্তের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ-উল আলম বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা চন্দ আজ (২০ ফেব্রুয়ারি) শুনানির পর এই আদেশ দেন।
এর আগে ১৩ ফেব্রুয়ারি এই মামলায় সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৮ ফেব্রুয়ারি রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়। গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের অষ্টম তলার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মৌলভীবাজারের এক চা শ্রমিকের মেয়ে প্রীতি উরং মারা যান। পরদিন তার বাবা লুকেশ উরং বাদী হয়ে আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর দুই আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করার পর ওই দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় লুকেশ বলেন, ফ্ল্যাটের ড্রয়িং স্পেসের জানালায় সেফটি বার না থাকায় অ্যাপার্টমেন্ট থেকে পড়ে যান প্রীতি। তিনি হাইলাইট করেছেন যে গত বছরের আগস্টে একই রকম একটি ঘটনা ঘটেছিল, যেখানে একই জানালা থেকে পড়ে গিয়ে অন্য একজন গৃহকর্মী গুরুতর আহত হয়েছিল।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন