রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদন সমর্থন করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, আর আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে, উল্টো ভয়ভীতি দেখিয়ে জনমতবিহীন নির্বাচন সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।
২৫ জুন মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারাও যুক্ত করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন