ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:২১ পিএম
ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী দুইজনের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে থাকা আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, আদালত সংশ্লিষ্টদের কাছে রুল জারি করেছেন এবং আগামী ১০ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রুলে প্রশ্ন তোলা হয়েছে— সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, নির্বাচনী আইনের সেকশন ৭ কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না।

এর আগে, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালের পক্ষে গেজেট বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করে। তাতে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়।

ইএইচ