সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে। এদিন বসবে না চেম্বার আদালতও। সোমবার সুপ্রিম কোর্ট সূত্রে বিষয়টি জানা গেছে।
গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে এএফএম মেজবাহ উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে এক বার্তায় জানিয়েছে সুপ্রিম কোর্ট বার। তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাযা অনুষ্ঠিত হবে।
সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এ আইনজীবী।
মেজবাহ উদ্দিনের মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন